আজ কিছু এলাকায় বৃষ্টি, বেশিরভাগ স্থানে শুষ্ক থাকবে আকাশ
শরতের মৃদু রোদ, ছিটেফোঁটা বৃষ্টি আর হালকা বাতাসে আজকের দিন কাটবে প্রশান্ত এক আবহে।
আন্তঃবাণী প্রতিনিধি: আজ রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ইং, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বর্তমানে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ১৫ অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে, অর্থাৎ শরতের শেষভাগ থেকেই শুরু হবে হেমন্তের আগমনী বার্তা।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সৈয়দপুরে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায় ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে সমুদ্রবন্দর ও নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি।
আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে। শরতের মৃদু রোদ, ছিটেফোঁটা বৃষ্টি আর হালকা বাতাসে আজকের দিন কাটবে প্রশান্ত এক আবহে।
এবি/সিএস





