সারাদেশে মেঘের রাজত্ব, কোথাও ভারী বর্ষণের আভাস
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আন্তঃবাণী ডেস্ক: আজ শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ইং, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, দিনের শুরুতেই জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া। আজ দেশের আকাশে মেঘলা ভাব বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রাঙ্গামাটিতে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।
লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। সমুদ্রবন্দর বা নদীবন্দর সমূহের জন্য বর্তমানে কোনো সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):
আজকের সূর্যোদয় ভোর ৫:৫৪ মিনিটে।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫:৩৭ মিনিটে।
এবি/সিএস





