ম্যাচ ফিক্সিংয়ে নিষেধাজ্ঞা পাওয়া আশরাফুলকে বাংলাদেশ দলে কোচ হওয়ার প্রস্তাব
বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ আশরাফুল। একসময় যিনি ছিলেন দেশের ব্যাটিং প্রতিভার প্রতীক, সেই সাবেক অধিনায়ক এবার জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে দেখা যেতে পারেন—এমনই ইঙ্গিত মিলেছে তার সাম্প্রতিক মন্তব্যে।
যিনি একসময় ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেট থেকে, তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কোচ—এই খবরে উত্তপ্ত এখন ক্রিকেট অঙ্গন।
গণমাধ্যমে আশরাফুল নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “বোর্ড থেকে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো আলোচনা চলছে। সবকিছুই আলোচনার পর্যায়ে রয়েছে। আমি ইতিবাচক মাইন্ডসেটে আছি।”
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলে বিশেষায়িত ব্যাটিং কোচের অভাব ছিল। এতদিন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনই সামলাচ্ছিলেন ব্যাটিং বিভাগ। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাটারদের ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসে ঘাটতি চোখে পড়ায় বিসিবি নতুনভাবে ভাবতে শুরু করেছে।
এই প্রেক্ষাপটে আশরাফুলের নাম উঠে আসা নিঃসন্দেহে নতুন আগ্রহের জন্ম দিয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে তরুণ টেস্ট সেঞ্চুরিয়ান এবং একসময়কার ব্যাটিং আইকন হিসেবে আশরাফুলের অভিজ্ঞতা, টেকনিক এবং মানসিক দৃঢ়তা তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হতে পারে—এমনটাই মনে করছেন অনেক সাবেক ক্রিকেটার।
তবে আশরাফুল নিজে এখনও কিছু নিশ্চিত করেননি। তার ভাষায়, “কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।”
অন্যদিকে, বিসিবির এক সূত্র জানিয়েছে, দেশের বাইরের কয়েকজন প্রার্থীর সঙ্গেও আলোচনা চলছে। বিশেষ করে একজন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে কথাবার্তা বেশ দূর পর্যন্ত গড়িয়েছে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ দলের ব্যাটিং দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তার মুখে, বিশেষ করে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক ব্যর্থতা এখন চিন্তার কারণ। তাই নতুন ব্যাটিং কোচের পদক্ষেপকে অনেকেই সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
আর যদি সত্যিই আশরাফুল সেই দায়িত্ব পান—তবে সেটি হবে এক প্রতীকী প্রত্যাবর্তন। একসময় মাঠে ব্যাট হাতে দেশের জন্য লড়েছেন, এবার হয়তো সাজঘরে বসে তরুণদের হাতে তুলে দেবেন সেই লড়াইয়ের মন্ত্র।
এবি/সিএস





