৭ গোলের রোমাঞ্চে ডুবে শেষ মুহূর্তের হতাশা বাংলাদেশের
মাঠেই হতাশ হয়ে বসে পড়েন গোলদাতা হামজা চৌধুরী।
স্পোর্টস ডেস্ক: ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে গোল উৎসবের ম্যাচেও শেষ মুহূর্তের ধাক্কা সামলাতে পারেনি বাংলাদেশ। ৯৮তম মিনিটে শমিত সোমের হেডে সমতা ফেরানোর পরও যোগ করা সময়ের একেবারে শেষ সেকেন্ডে হ্যাটট্রিক পূর্ণ করা মেরকিসের গোলে ৪–৩ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল–সবুজের ছেলেদের।
ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ১৩তম মিনিটে ফ্রি–কিক থেকে সরাসরি শটে বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। এর পর বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে গোল হজম করে বাংলাদেশ। বিরতিতে যেতে হয় ১–১ সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেরকিসের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর বারবার আক্রমণে উঠলেও রক্ষণভাগের অমনোযোগে আরও একটি গোল খেয়ে বসে দল। ৭৪তম মিনিটে মেরকিসই ব্যবধান বাড়ান ৩–১ এ। তবে ৮৪তম মিনিটে মোরছালিনের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় লাল–সবুজ। যোগ করা সময়ের ৮ মিনিট পার হয়ে ৯৮তম মিনিটে শমিত সোমের দুর্দান্ত হেডে সমতায় ফেরে বাংলাদেশ।
কিন্তু ভাগ্য যেন শেষ পর্যন্ত সহায় হলো না। ম্যাচের শেষ বাঁশির আগে আবারও আঘাত হানে হংকং। মেরকিসের হ্যাটট্রিক পূর্ণ করা সেই গোলে ৪–৩ ব্যবধানের হার নিশ্চিত হয় বাংলাদেশের। মাঠেই হতাশ হয়ে বসে পড়েন গোলদাতা হামজা চৌধুরী।
এই হারে গ্রুপ–‘সি’ তে বাংলাদেশ ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে। অন্যদিকে হংকং ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। সিঙ্গাপুর ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ভারত ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। কাগজে–কলমে এখনও সম্ভাবনা থাকলেও বাস্তবে গ্রুপসেরা হয়ে এশিয়ান কাপের টিকিট পাওয়ার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের।
এবি/সিএস





