১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে শিগগিরই, প্রস্তুতি চূড়ান্ত করছে এনটিআরসিএ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রস্তুতি নিচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের।
আন্তঃবাণী ডেস্কঃ
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ কার্যক্রম প্রায় শেষের পথে। এরই মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রস্তুতি নিচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের। সূত্র জানায়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল, সোমবার (৬ অক্টোবর)। এরপর প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে যোগদানের তথ্য সংগ্রহ করবে এনটিআরসিএ।
যারা সুপারিশ পেয়েও যোগদান করেননি, তাদের জায়গায় নতুনভাবে সুপারিশ করা হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করবে কর্তৃপক্ষ।
এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম এক বিবৃতিতে সাংবাদিকদের জানান, "নতুন বিধিমালার কাজ প্রায় শেষ। এরপর শূন্য পদের তথ্য সংগ্রহ করে ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।" সূত্র মতে, নতুন নিয়মে তিনটি বিভাগ— স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষার জন্য পৃথক নম্বর বিন্যাসের প্রস্তাব দেওয়া হয়েছে।
স্কুল-কলেজ ও কারিগরি: ১০০ নম্বর সাবজেক্টিভ ১০০ নম্বর জেনারেল
মাদরাসা: ১৪০ নম্বর সাবজেক্টিভ ৬০ নম্বর জেনারেল
তবে এই বিভাজনে বৈষম্যের আশঙ্কা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সমান নম্বর কাঠামো (২০০ নম্বর) রাখার চিন্তাভাবনা চলছে তিন বিভাগের জন্যই। এনটিআরসিএর ইতিহাসে এবারই
প্রথমবারের মতো নিবন্ধন পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন বিধিমালা কার্যকর হলে, শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া হবে আরও মূল্যায়নভিত্তিক ও প্রতিযোগিতামূলক— এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
১৮তম নিয়োগ কার্যক্রম শেষ পর্যায়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যোগদান শেষ ৬ অক্টোবর এরপর প্রতিস্থাপন, তারপর ১৯তম বিজ্ঞপ্তি নতুন পরীক্ষায় ২০০ নম্বরের কাঠামো ভাইভার নম্বর যুক্ত করার উদ্যোগ প্রার্থীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এনটিআরসিএ কর্মকর্তারা, কারণ নতুন নিয়মে প্রতিযোগিতা আরও কঠিন হতে পারে।
এবি/এসবিডাব্লিউ





