দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা অব্যাহত
সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত নেই।
আন্তঃবাণী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ইং, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
তবে বর্তমানে সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত নেই। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে।
এবি/সিএস





