বাংলাদেশের একাদশে নেই শমিত, দলপতি জামাল ভূঁইয়াও নেই
সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচের তুলনায় এবার পাঁচ পরিবর্তন এনেছেন ক্যাবরেরা।
স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে বড় চমক দিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কানাডায় খেলা সামিত সোমকে একাদশে রাখেননি তিনি। মাত্র একদিন অনুশীলন করায় তাকে বাইরে রেখেছেন। আরও বিস্ময়কর হলো—দলপতি জামাল ভূঁইয়াও নেই একাদশে। ফলে সিনিয়র মিডফিল্ডার সোহেল রানা অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন।
রক্ষণে ইনজুরির কারণে জায়গা হয়নি অভিজ্ঞ তপু বর্মণের। তার বদলে শাকিল আহাদ তপু সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন তারিক কাজীর সঙ্গে। দুই ফুলব্যাকে থাকছেন ভাই তাজ ও সাদ উদ্দিন। অনূর্ধ্ব-২৩ দলে আলো ছড়ানো প্রবাসী জায়ান আহমেদ থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি।
মিডফিল্ড সাজানো হয়েছে হামজা দেওয়ান চৌধুরি ও সোহেল রানার নেতৃত্বে। উইংয়ে থাকছেন ফয়সাল আহমেদ ফাহিম ও অধিনায়ক সোহেল। ফরোয়ার্ড লাইনে রাকিব হোসেন ও শেখ মোরসালিনকে ভরসা করছেন কোচ। ফরমেশন আবারও ৪-৪-২।
ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচের তুলনায় এবার পাঁচ পরিবর্তন এনেছেন ক্যাবরেরা। তপু বর্মণ, সামিত সোম, কাজেম, ফাহমিদুল ও হৃদয় নেই দলে। তবে ব্যাকআপ ডিফেন্ডার না থাকায় ক্যাবরেরার স্কোয়াড নিয়েও প্রশ্ন উঠছে।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা দেওয়ান চৌধুরি, মো. সোহেল রানা, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।
ম্যাচের ১২ মিনিটেই হামজার গোলে এগিয়ে গেল বাংলাদেশ।
এবি/সিএস





