৫০০ টাকা বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, ১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’
আন্তঃবাণী ডেস্কঃ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’। তাদের দাবি, এটি তাদের ন্যায্য অধিকার ও প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
একইসঙ্গে, ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে এক পরিপত্র জারি করা হয়, যেখানে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ পরিপত্রে স্বাক্ষর করেন উপসচিব মোসা. শরীফুন্নেসা।
তবে এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, "আমরা এই প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করছি।
এটি আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার নামান্তর।" তিনি জানান, গত ১৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছিল।
আজ (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী। এর আগে, ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মহাসমাবেশে প্রায় এক লাখ শিক্ষক-কর্মচারী অংশ নেন, যেখানে তারা এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য দূরীকরণ, সরকারি নিয়মে ভাতা প্রদান ও শিক্ষা জাতীয়করণের দাবি তুলে ধরেন।
জোট নেতারা জানিয়েছেন, দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ১২ অক্টোবর ২০২৫ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান করবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এবার আরও সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে প্রস্তুত বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। এবি/এসবিডাব্লিউ





