আজকের আবহাওয়া: আংশিক মেঘলা আকাশ, চট্টগ্রাম-সিলেটে বৃষ্টির সম্ভাবনা
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আন্তঃবাণী প্রতিনিধি: আজ সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ইং, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে নেত্রকোনা ও ফেনীতে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ২২.০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত নেই। ফলে সমুদ্র ও নদীপথে স্বাভাবিক চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।
এদিকে আজকের সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। সারাদেশে আকাশে মেঘের খেলা থাকলেও দিনব্যাপী আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এবি/সিএস





