বাংলাদেশি পর্ন-তারকা যুগলকে গ্রেপ্তার করলো সিআইডি
তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে আসে।
আন্তঃবাণী প্রতিনিধি: বান্দরবন থেকে একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন ভিডিও আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে আসে।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই দম্পতি বাংলাদেশেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন। এর মাধ্যমে তারা বিপুল অর্থ উপার্জন করছিলেন। এমনকি, নিজেদের চ্যানেলকে আরও বিস্তৃত করতে তারা অন্যদেরও এতে যুক্ত হওয়ার আহ্বান জানাতেন।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি গুরুতর ফৌজদারি অপরাধ। আইন অনুযায়ী, এ অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।
সম্প্রতি আন্তর্জাতিক অনলাইন ম্যাগাজিন দ্য ডিসেন্ট–এ প্রকাশিত এক প্রতিবেদনে এই দম্পতির কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়। সেই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং পরবর্তীতে সিআইডি তদন্ত শুরু করে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিগত সহায়তা নিয়ে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদেরও শনাক্ত করা হচ্ছে।
এবি/সিএস





