জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আন্তঃবাণী প্রতিবেদকঃ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছেন।” তিনি আরও বলেন, “দলীয় অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো একটি যৌথ অবস্থানে পৌঁছাতে সচেষ্ট হয়েছে, যা একটি ইতিবাচক দিক।”
আলী রীয়াজ জানান, এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলা হলেও, বর্তমানে অনেকেই সে অবস্থান থেকে সরে এসেছেন। “এই বিষয়ে ইতিবাচক পরিবর্তন ঘটায় দলগুলোকে ধন্যবাদ জানাই।
আশা করছি, আমরা ১৫ অক্টোবরের মধ্যেই একটি সুস্পষ্ট সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিতে পারব,” বলেন তিনি।
তিনি জানান, জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়টি ইতোমধ্যেই তিন-চতুর্থাংশ রাজনৈতিক দলের কাছে উপস্থাপন করা হয়েছে এবং নাম প্রস্তাবও দেওয়া হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে সম্মতি দিয়েছে সব রাজনৈতিক দল । ১৫ অক্টোবরের মধ্যে সুপারিশ পেশের আশাবাদ । সংবিধানের ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামতের প্রয়োজনীয়তা নিয়ে অবস্থান পরিবর্তন। দলীয় অবস্থান পেছনে রেখে একক মত গঠনের চেষ্টা সফল। তিন-চতুর্থাংশ দলের কাছে সনদে স্বাক্ষরের জন্য নাম প্রস্তাব ।
জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে, চলমান আলোচনা সফলভাবে শেষ হলে দেশে রাজনৈতিক সমঝোতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এবি/এসবুডাব্লিউ





