গোমতী সেতুতে উঠলেই ভয়ে শুকিয়ে যাচ্ছে প্রাণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতু দিয়ে যাওয়ার সময় এমন প্রশ্নই এখন যাত্রীদের মনে। ভারী গাড়ি চললেই থরথর করে কাঁপছে পুরো সেতু।
আন্তঃবানী প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা দাউদকান্দির গোমতী সেতু। কিন্তু ইদানীং সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচলের সময় এটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে। সেতুটির এই দুলুনিতে চরম আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করছেন হাজারো যাত্রী ও চালক।
সরেজমিনে দেখা যায়, সেতুর ওপর দিয়ে যখনই কোনো ভারী ট্রাক বা লরি চলাচল করে, তখন সেতুর সংযোগস্থলগুলোতে (এক্সপ্যানশন জয়েন্ট) তীব্র কম্পন অনুভূত হয়। যাত্রীদের অভিযোগ, গাড়ির চাকা ঘোরার সাথে সাথে সেতুটি এমনভাবে দুলতে থাকে যেন মনে হয় মৃদু ভূমিকম্প হচ্ছে। বিশেষ করে জ্যামে আটকে থাকলে এই ভীতিকর পরিস্থিতি আরও প্রকট হয়ে ওঠে।
অনেক যাত্রী সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, "সেতুতে উঠলে ভয়ে বুক ধড়ফড় করে। মনে হয় যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।"
দ্রুততম সময়ে সেতুটির সক্ষমতা যাচাই এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
এবি/এসআর





