ফার্মগেটে মেট্রোরেলের স্প্রিং পড়ে পথচারীর মৃত্যু
দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
আন্তঃবাণী প্রতিনিধি: রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ করে বিারট আকারের একটি স্প্রিং ওপর থেকে ছিটকে নিচে পড়ে। সে সময় ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন ওই তরুণ। স্প্রিংটি সরাসরি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান। পরে স্প্রিংটি পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করে, এতে দোকানের কাঁচ ভেঙে দুইজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, নিচে পড়া স্প্রিংটির ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি হবে। ঘটনাস্থলে পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনাটি তদন্তে মেট্রোরেল প্রকল্পের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। কীভাবে এত ভারী স্প্রিংটি ছিটকে নিচে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
এবি/সিএস





