ভক্তদের জন্য শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা থাকলেও দলে জায়গা হয়নি তার।
স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান জানালেন, তিনি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। ক্রিকবাজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নিইনি। যদি মিরপুরে আমার শেষ ম্যাচটা হয়, তাহলে সেটা আমার আর আমার ভক্তদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে।’
২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর থেকে বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাকে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা থাকলেও দলে জায়গা হয়নি তার।
গত বছর আওয়ামী লীগ সরকারের মনোনীত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর সরকার পতনের ঘটনায় তিনি বিদেশে অবস্থান করছেন। দেশে ফেরার চেষ্টা করলেও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পরামর্শে সেই উদ্যোগ ব্যর্থ হয়।
এক সময় চ্যাম্পিয়নস ট্রফি খেলেই ওয়ানডে থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা করেছিলেন সাকিব, কিন্তু বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে জায়গা পাননি। তবুও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি।
দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার ফিরে আসা আপাতত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। তবে সাকিব জানিয়েছেন, তিনি এখনো ভক্তদের জন্য খেলতে এবং দেশে ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে চান।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় দেশ থেকে দূরে থাকার কারণে সমালোচিত হয়েছিলেন সাকিব। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটা ছিল কেবল একটা মুহূর্ত, যা আমার বিপক্ষে গিয়েছিল। আমি এখন বুঝি, মানুষ তখন কেন এমন প্রতিক্রিয়া দেখিয়েছিল। তবে আমার কোনো আফসোস নেই।’
বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও, তার কণ্ঠে শোনা গেল বিদায়ের আগে আরেকবার দেশের মাটিতে ব্যাট হাতে নামার তীব্র আকাঙ্ক্ষা।
এবি/সিএস





