পেনাল্টি মিসের তালিকায় এখন সবার উপরে ক্রিস্টিয়ানো রোনালদো
চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি মিস করেছেন ৩২টি পেনাল্টি।
স্পোর্টস ডেস্ক: শনিবার রাতটা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ছিল মিশ্র অনুভূতির। বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে বসেন এই পর্তুগিজ সুপারস্টার। তবে শেষ পর্যন্ত সতীর্থ রুবেন নেভেসের দারুণ এক গোলেই ১-০ ব্যবধানে জয় পায় পর্তুগাল।
এই পেনাল্টি মিসের মধ্য দিয়েই আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন রোনালদো। ফুটবল ইতিহাসে পেনাল্টি মিসের তালিকায় এখন তিনিই সবার উপরে—মোট ৩৪টি পেনাল্টি ব্যর্থতা তাঁর নামে। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি মিস করেছেন ৩২টি পেনাল্টি। তবে শুটআউট বাদ দিলে সফলতার দিক থেকে রোনালদোই এগিয়ে—তাঁর পেনাল্টি সাফল্যের হার ৮৪ শতাংশ, যেখানে মেসির ৭৮ শতাংশ।
তবু গোলের সামগ্রিক পরিসংখ্যানে রোনালদো এখনো অবিশ্বাস্যভাবে এগিয়ে। পেনাল্টি থেকে তিনি করেছেন ১৭৮ গোল, মেসির পেনাল্টি গোল ১১১টি। রোনালদোর মোট গোলের ১৮.৮২ শতাংশই এসেছে পেনাল্টি থেকে, আর মেসির ক্ষেত্রে সেই হার ১২.৫৬ শতাংশ।
আন্তর্জাতিক মঞ্চেও রাজত্ব তাঁরই। ২২৪ ম্যাচে রোনালদোর গোল ১৪১টি, মেসি করেছেন ১৯৪ ম্যাচে ১১৪টি। সব প্রতিযোগিতা মিলিয়ে পর্তুগিজ তারকার গোল সংখ্যা ৯৪৬—১২৯০ ম্যাচে। অপরদিকে মেসি ১১৪৬ ম্যাচে গোল করেছেন ৮৮৪টি।
জয় পেনাল্টি থেকে না এলেও, পর্তুগালের জার্সিতে রোনালদোর উপস্থিতি এখনো এক অনিবার্য শক্তির প্রতীক। পেনাল্টি মিস তাঁকে থামায়নি, বরং মনে করিয়ে দিয়েছে—তিনি এখনো লড়াইয়ের প্রতীক, গর্বের নাম ‘CR7’।
এবি/সিএস





