বাংলাদেশ নিয়ে ভারতকে পাকিস্তান নেতার হুঁশিয়ারি
বাংলাদেশ নিয়ে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান নেতার: সামরিক জোট গঠনের প্রস্তাব
আন্তঃবাণী ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ-এনের (পিএমএল-এন) নেতা কামরান সাঈদ উসমানী ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ভারত কোনো ধরনের আঘাত হানলে কিংবা খারাপ অভিপ্রায়ে নজর দিলে পাকিস্তান সেনাবাহিনী ও মিসাইল তার দাঁতভাঙা জবাব দেবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক ভিডিও বার্তায় এই হুমকি দেওয়ার পাশাপাশি কামরান সাঈদ উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি শক্তিশালী সামরিক জোট গঠনেরও প্রস্তাব দিয়েছেন। উসমানী স্পষ্ট করে বলেন যে, ভারত যদি বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ বা অন্য কোনো বিশেষ চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে পাকিস্তান তা কোনোভাবেই মেনে নেবে না।
তিনি আরও অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে বাংলাদেশকে নানাভাবে হয়রানি করছে এবং তারা বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি প্রস্তাব দিয়েছেন যে, বাংলাদেশ ও পাকিস্তানের উচিত নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা। তাঁর মতে, উভয় দেশের সামরিক সক্ষমতা জোরদারে বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা প্রয়োজন। তিনি দাবি করেন, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে এবং প্রয়োজন হলে সার্বভৌমত্বের প্রশ্নে আবারও তার পুনরাবৃত্তি ঘটাতে পাকিস্তান কুণ্ঠিত হবে না। বিশ্লেষকদের মতে, যদি দুই দেশের মধ্যে এমন কোনো সামরিক জোট বাস্তবে রূপ পায়, তবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্যে এবং ভূ-রাজনৈতিক গতিপথে এক আমূল পরিবর্তন আসতে পারে।
এবি/সিএস





