কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আজহারির

কোরআন অবমাননার কঠিন শাস্তি চান মাওলানা মিজানুর রহমান আজহারি

Oct 5, 2025 - 20:27
Oct 5, 2025 - 20:27
 0
কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আজহারির

আন্তঃবাণী ডেস্কঃ

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব পাল নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাতে গ্রেপ্তারের সময় তিনি জনরোষের মুখে পড়েন এবং কিছুটা আহত হন। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আজ (রবিবার) ভোরে আদালতে হাজির করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, “রাতে তাকে থানায় নেওয়ার সময় একদল লোক হামলা করে। এতে অপূর্ব কিছুটা আহত হয়। মামলা রেকর্ড করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং এরপর ভোরে আদালতে পাঠানো হয়।”

ঘটনার পর থেকেই অভিযুক্ত অপূর্ব পালকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানসিক ভারসাম্যহীন’ দাবি ছড়িয়ে পড়েছে।

তবে এ দাবিকে ঘিরে রয়েছে ব্যাপক বিতর্ক। ঘটনা নিয়ে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি রোববার (৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লেখেন, “নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইতোপূর্বে একই বিশ্ববিদ্যালয়ে হাদিসের উদাহরণ দেওয়ার কারণে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছিল। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কাঠামোগত ইসলাম বিদ্বেষের প্রমাণ।” আজহারি আরও বলেন: “যদি কেউ মানসিক রোগী হয়, তার থাকা উচিত হাসপাতালে কিংবা রিহ্যাবে, বিশ্ববিদ্যালয়ে নয়।”

 “এই ঘটনা পরিকল্পিত দাঙ্গা উসকে দেওয়ার অংশ কি না, তা তদন্ত করা উচিত।” “বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই নরাধমকে দ্রুত বহিষ্কার করা।” “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, যেন ভবিষ্যতে কেউ এমন স্পর্ধা না দেখায়।”

তিনি আরও আহ্বান জানান— “আমাদের প্রতিবাদ যেন ঘৃণায় নয়, দায়িত্বশীলতায় হয়। আগামী এক মাস নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, কুরআন স্টাডি সার্কেল ও তাফসির বিতরণ কর্মসূচি পালন করা যেতে পারে।”

এ বিষয়ে আরেক ইসলামি বক্তা আহমাদুল্লাহ এক বিবৃতিতে বলেন, “কোনো ধর্মগ্রন্থের অবমাননা আমরা বরদাশত করব না। এমন ঘটনা দেশের ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করার চক্রান্ত হতে পারে। আইনানুগভাবে দোষীকে বিচারের আওতায় আনাই এখন প্রধান কাজ।”

আজহারি ও অন্যান্য আলেমদের মতে, এ ধরনের ঘটনা শুধু আইনশৃঙ্খলার নয়, বরং সমাজিক মূল্যবোধেরও চরম অবক্ষয়ের ইঙ্গিত দেয়। তাই এ বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, অপূর্ব পাল বর্তমানে আদালতের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলার কার্যক্রম চলছে।

এ ঘটনায় ধর্মীয় ও শিক্ষাঙ্গনে উত্তেজনা বিরাজ করছে, প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

এবি/এসবিডাব্লিউ