দশ জনের হংকংয়ের বিপক্ষে হামজাদের ড্র

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তৈরি করে একাধিক সুযোগ, তবে ফিনিশিংয়ের ঘাটতিই জয় থেকে বঞ্চিত করে দলকে।

Oct 14, 2025 - 20:31
 0
দশ জনের হংকংয়ের বিপক্ষে হামজাদের  ড্র

স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে হংকংয়ের মাঠে দারুণ লড়াই করেও জয় ছুঁতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত দশ জনের হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে হামজা মিঝিদের দল। হোম ম্যাচের মতোই অ্যাওয়ে ম্যাচটিও ছিল টানটান উত্তেজনা ও নাটকীয়তায় ভরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। তবে ভাগ্যের সহায়তায় প্রথমে এগিয়ে যায় স্বাগতিক হংকং। পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপরও মনোবল না হারিয়ে প্রতিআক্রমণে ফেরার চেষ্টা চালিয়ে যায় লাল-সবুজের দল।

ম্যাচের ৭৩ মিনিটে পরিস্থিতি বদলে যায়। সামিত সোমকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এক হংকং ফুটবলার। ফলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি বাংলাদেশ।

৮৩ মিনিটে বদলি ফয়সাল আহমেদ ফাহিমের নিখুঁত ক্রসে বল নিয়ন্ত্রণে নেন ফাহমিদুল, আর রাকিব হাসান দারুণ প্লেসিংয়ে জালে পাঠান বলটি। নীরব হয়ে যায় হংকংয়ের গ্যালারি, উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের সমর্থকরা।

শেষ মুহূর্তে জয়ের সুবর্ণ সুযোগও এসেছিল বাংলাদেশের সামনে। অতিরিক্ত সময়ে লম্বা থ্রো থেকে তৈরি হয় গোলের সুযোগ, কিন্তু রাকিবের শট লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য। ফলে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

ফয়সাল, ফাহমিদুল ও রাকিবদের সমন্বিত খেলায় দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তৈরি করে একাধিক সুযোগ, তবে ফিনিশিংয়ের ঘাটতিই জয় থেকে বঞ্চিত করে দলকে।

এবি/সিএস