ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার রোনালদো, মেসির কতো

বর্তমানে ইন্টার মায়ামিতে মেসির বার্ষিক আয় মাত্র ২০ মিলিয়ন ডলার।

Oct 8, 2025 - 19:38
 0
ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার রোনালদো, মেসির কতো
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্বনামধন্য ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, বিশ্ব ফুটবলের এই মহাতারকা এখন আনুষ্ঠানিকভাবে প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়। ব্লুমবার্গের বিলিয়নিয়ারস ইনডেক্সে দেখা যায়, আল নাসরের পর্তুগিজ তারকার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের উপার্জন, ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ও ব্যক্তিগত বিনিয়োগ মিলিয়ে এ সম্পদ গড়ে উঠেছে। ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্লাব ফুটবল থেকে বেতন বাবদ তাঁর আয় ছিল প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। পাশাপাশি নাইকির সঙ্গে এক দশকের চুক্তি থেকে পেয়েছেন আরও ১৮০ মিলিয়ন ডলার।

২০২২ সালে সৌদি আরবের ক্লাব আল নাসর–এ যোগ দিয়ে রোনালদো হন ইতিহাসের সর্বোচ্চ বেতনের ফুটবলার। সে সময় তাঁর বার্ষিক আয় ছিল প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড। চলতি বছরের জুনে ক্লাবটির সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করেছেন তিনি, যার মূল্য ৪০০ মিলিয়ন ডলারের বেশি।

তবে রোনালদোর আয় শুধু মাঠেই সীমাবদ্ধ নয়। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নাইক, আরমানি, ট্যাগ হুয়্যার, হার্বালাইফ, বাইন্যান্সসহ আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর স্পন্সরশিপ চুক্তি রয়েছে। এ বছর তিনি আরওয়া ক্রুজেস ও ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ–এর সঙ্গেও নতুন অংশীদারিত্ব করেছেন। শুধু তাই নয়, নিজের ব্র্যান্ড সিআরসেভেন–এর মাধ্যমে হোটেল, ফ্যাশন, জিম ও সুগন্ধি পণ্যের ব্যবসাও করে চলেছেন এই মহাতারকা।

অন্যদিকে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখন পর্যন্ত কর-পূর্ব বেতন বাবদ আয় করেছেন প্রায় ৬০০ মিলিয়ন ডলার। বর্তমানে ইন্টার মায়ামিতে মেসির বার্ষিক আয় মাত্র ২০ মিলিয়ন ডলার, যা রোনালদোর আয়ের প্রায় দশভাগের এক ভাগ।

ফুটবল মাঠের অবিসংবাদিত সাফল্যের পাশাপাশি ব্যবসায়িক মঞ্চেও নতুন এক দিগন্ত উন্মোচন করলেন রোনালদো, যিনি শুধু খেলোয়াড় নন, বরং আধুনিক ক্রীড়া–বাণিজ্যের সবচেয়ে উজ্জ্বল প্রতীক

এবি/সিএস