আসন্ন নির্বাচনে জোট গড়েই অংশ নেবে জাতীয় পার্টি: রুহুল আমিন হাওলাদার

‘নির্বাচন ছাড়া সরকারে যাওয়ার সুযোগ নেই’, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আহ্বান

Oct 4, 2025 - 20:29
Oct 4, 2025 - 20:32
 0
আসন্ন নির্বাচনে জোট গড়েই অংশ নেবে জাতীয় পার্টি: রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, “জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। ৯০-এর পর একটি ছাড়া আমরা সব নির্বাচনেই অংশগ্রহণ করেছি। নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকারে যাওয়ার সুযোগ নেই।”

শনিবার (৪ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।রুহুল আমিন হাওলাদার বলেন, “আগামী নির্বাচনেও জাতীয় পার্টি জোট গঠন করে নির্বাচনে অংশ নেবে। কাদের সঙ্গে জোট হবে, সে বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

তবে নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “দেশে দৃশ্যমান স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে নির্বাচনের পূর্বমুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।”

জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আয়োজিত এ দোয়া মাহফিলে দলটির সিনিয়র নেতারা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন প্রমুখ।

 এবি/এসবিডাব্লিউ