যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৬
মাত্র দুই দিন পরই সেই চুক্তি ভঙ্গ করে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ।
আন্তর্জাতিক ডেস্ক: মাত্র কয়েক ঘণ্টা আগেই যে দুই প্রতিবেশী মুসলিম দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছিল, সেই শান্তির অঙ্গীকার রক্তে ভেসে গেল রাতারাতি। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।
শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে পাকতিকার উরগুন ও বারমাল এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, আবাসিক অঞ্চলে বোমা ফেলার ফলে নারী ও শিশুরাও হতাহত হয়েছেন।
এর আগে বুধবার সংঘাত থামিয়ে অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছিল পাকিস্তান ও আফগানিস্তান। কিন্তু মাত্র দুই দিন পরই সেই চুক্তি ভঙ্গ করে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ।
খামা প্রেস জানায়, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত। সীমান্তে বিমান হামলা ও গোলাবর্ষণে এক ডজনেরও বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও ও টেলিভিশনে বলা হয়, বিনা উসকানিতে পাকিস্তানের এই হামলা আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন। পাকতিকার কমান্ডিং সেন্টার জানিয়েছে, হতাহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।
হামলার পর আফগান সেনারা পাল্টা হামলা শুরু করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তারা সতর্ক করেছে, সীমান্তে এমন হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
এর আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছিলেন, “অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি কার্যকর থাকবে—যতক্ষণ না কেউ উসকানি দেয়।” কিন্তু সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে শুরু হলো রক্তপাতের অধ্যায়।
এবি/সিএস





