পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরু
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিষয়ে জনগণের মতামতকেই চূড়ান্ত বলে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
আন্তঃবাণী প্রতিবেদকঃ
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিষয়ে জনগণের মতামতকেই চূড়ান্ত বলে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর কসমস সেন্টারে ‘নির্বাচন পদ্ধতি’ নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যে আমীর খসরু বলেন, “পিআর পদ্ধতি জনগণের ওপর ছেড়ে দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার জনগণ দেয়নি। গণতন্ত্রে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আলোচনা এড়ানো কিংবা দাবিকে অগ্রাহ্য করাকে গণতান্ত্রিক আচরণ বলা যাবে না।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি বা অন্যান্য নির্বাচন সংস্কার নিয়ে জাতীয় সংসদে আলোচনা হওয়া উচিত। যেসব বিষয়ে একমত রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের পথে এগোতে হবে।” বিএনপির এই নীতিনির্ধারক বলেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো একটি কার্যকর ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ গঠন করা।
সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে, সেগুলো সংসদে তুলে ধরা এবং বাস্তবায়ন করাই হবে পরবর্তী করণীয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে ভিন্নমতকে সম্মান দেখানো এবং সহনশীলতা তৈরি করা জরুরি। অন্যের মত সহ্য না করতে পারলে, আলোচনায় বসলেও কোনো বাস্তব ফল আসবে না। সংঘাতনির্ভর রাজনীতি থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি।”
‘গণতন্ত্রে একক দলের শাসনের জায়গা নেই’ আমীর খসরু বলেন, “গণতন্ত্রে কখনোই একক দলের শাসনের ব্যবস্থা রাখা হয়নি। রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন এনে বিরোধীদের প্রতি সম্মান এবং ভিন্নমতের সহনশীলতা গড়ে তোলার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।”
এবি/এসবিডাব্লিউ





