তারেক রহমানই এখন ‘সবচেয়ে বড় বাধা’—রুমিন ফারহানা
তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না, তাদের জন্য ‘বড় বাধা’ বলে মন্তব্য করেছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
আন্তঃবাণী প্রতিবেদনঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না, তাদের জন্য ‘বড় বাধা’ বলে মন্তব্য করেছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগোতে দিতে না চাওয়া কিংবা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখাদের কাছে তারেক রহমানই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার ভাষায়, “তারেক রহমানকে শুধু বিএনপির প্রধান হিসেবে দেখলে ভুল হবে। বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির মধ্যপন্থার ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে তার সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণের ওপর।
” তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের দেশে ফেরা এখন শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও জনগণের ভাগ্যের সঙ্গেও তা গভীরভাবে সম্পৃক্ত। একই সঙ্গে তিনি বলেন, দেশের যেকোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব।
“তিনি যদি মনে করেন নিরাপত্তাহীনতায় ভুগছেন, এর দায় সরকারকেই নিতে হবে,” মন্তব্য করেন রুমিন। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে রুমিন প্রশ্ন করেন, সরকার কি সত্যিই গণতান্ত্রিক উত্তরণ চায়? তিনি স্মরণ করিয়ে দেন, আগে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার কথা বলা হলেও পরে জানানো হয় এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না—এ নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে।
রুমিন বলেন, অতীতে নির্বাচনের আগে যেভাবে উত্তাপে রাজনৈতিক পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠত, এবার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিছুদিন আগেও এনসিপি জোট, জামায়াতের হুঁশিয়ারি এবং বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছিল। বর্তমানে দৃশ্যপট সম্পূর্ণ ঠাণ্ডা। রাজনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃত করে তিনি বলেন, অনেকেই মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। রুমিনের ব্যক্তিগত মতও—খুব শিগগির দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো লক্ষণ নেই।
এবি/এসবিডাব্লিউ





