ভোটকেন্দ্র দখল ও হামলার তীব্র অভিযোগ এনসিপি'র, ভোটারদের ভয় দেখানোর চেষ্টা চলছে
আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র দখল, প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর অভিযোগ করেন এনসিপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।
সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে মনিরা শারমিন বলেন, “আমরা লক্ষ্য করছি যে, ভোটকেন্দ্রের আশেপাশে কেন্দ্র দখলের একটি প্রচেষ্টা অব্যাহত আছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের প্রার্থী, এজেন্ট এবং দলের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে।” তিনি আরও জানান, শুধু এনসিপি নয়, তাদের ১১ দলীয় জোটের নেতাকর্মীদেরও লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশনি সংকেত।
নির্বাচনের প্রাক্কালে ভোটারদের উপর চাপ সৃষ্টির বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এনসিপি নেত্রী বলেন, “ভোটকেন্দ্রগুলোর আশপাশের ভোটারদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এর উদ্দেশ্য একটাই – যাতে আগামীকালের নির্বাচনে ভোটাররা উপস্থিত না হন।” এই ধরনের হুমকি-ধমকির ফলে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং এটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে জানান তিনি।
মনিরা শারমিন আরও বলেন, “আমরা যে নির্বাচনটিকে সফল করার জন্য প্রত্যেকটি দল-মত নির্বিশেষে সাধারণ জনগণের যে ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা আমরা দেখতে চেয়েছিলাম, সেটি যদি আমরা দেখতে ব্যর্থ হই, এখানে যদি রাজনৈতিক দলগুলো তাদের দলীয় পুরোনো যে চরিত্র সেটি যদি বদলাতে না পারে, তবে আমাদের প্রত্যেককেই মিডিয়া হয়ে উঠতে হবে।” এই বক্তব্যের মাধ্যমে তিনি নাগরিক সমাজের প্রতি অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।





