সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ,শাওন,মারিয়া,ইমতু রাতিশের নামে, আনিস আলমগীর ডিবি হেফাযতে।
সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ
আন্তঃবাণী প্রতিবেদকঃ
রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও দুই জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি সাইবার-সংক্রান্ত ইস্যু। অভিযোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক সত্যতা যাচাই এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নির্দেশনা পেলে বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এতে বলা হয়, অভিযুক্তদের এসব বক্তব্য ও অনলাইন কার্যক্রমের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে। এর ফলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা এবং অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ডে তারা জড়িত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে একই রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ডিবি প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। পুলিশ সূত্র জানায়, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
ওই জিমের ম্যানেজার আরেফিন গণমাধ্যমকে জানান, সন্ধ্যার দিকে আনিস আলমগীর জিমে আসেন এবং ব্যায়াম শেষে রাত ৮টার দিকে চলে যান। জিমের ভেতরে কোনো পুলিশ সদস্য তিনি দেখেননি বলেও জানান। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে দেওয়া বক্তব্যের কারণে সাংবাদিক আনিস আলমগীর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
এবি/এসবিডাব্লিউ





