৪৭-এ দেশ স্বাধীন হয়েছে , ৭১-এ আলাদা হয়েছে: ফয়জুল করীম

২৪ পরবর্তী সময়ে আমরা ইসলামের আদর্শে এদেশ গড়তে চাই। ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি, এর বাইরে কোনো মুক্তি নেই।

Oct 4, 2025 - 20:20
 0
৪৭-এ দেশ স্বাধীন হয়েছে , ৭১-এ আলাদা হয়েছে: ফয়জুল করীম
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: আজ শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত “স্বাধীনতার পথরেখা - ৪৭, ৭১, ২৪ প্রেক্ষিত আগামীর বাংলাদেশ” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভাষার কারণে দেশ ভাগ হয়নি, বরং মুসলমানদের জন্যই দেশ ভাগ হয়েছিল। ১৯৪৭ সালে মুসলমানদের জন্য দেশ স্বাধীন হয়েছিল, আর ১৯৭১ সালে পাকিস্তান থেকে আলাদা হওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, “৪৭ সালে দেশ স্বাধীন না হলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করেও লাল-সবুজের পতাকা পাওয়া সম্ভব হতো না। যতক্ষণ আদর্শ লালন করা হবে, ততক্ষণ কেউ শোষণ করতে পারবে না। কিন্তু আদর্শ ত্যাগ করলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো চাপিয়ে দেবে তাদের মতবাদ।”

মুফতি ফয়জুল করীম আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আর কোনো সাম্রাজ্যবাদী শক্তির দাসত্ব করবে না। রাষ্ট্রের দায়িত্ব হলো সকল ধর্মের মানুষকে তাদের নিজস্ব ধর্ম পালনের নিরাপত্তা দেওয়া। তবে তিনি অভিযোগ করেন, ৭১ পরবর্তী সময়ে যারা এদেশ শাসন করেছে, তারা কেউই ইসলাম বাস্তবায়নের চেষ্টা করেনি। “২৪ পরবর্তী সময়ে আমরা ইসলামের আদর্শে এদেশ গড়তে চাই। ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি, এর বাইরে কোনো মুক্তি নেই।”

গোলটেবিল বৈঠকে ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ভারত ৭১ পরবর্তী সময়ে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ শাসন করেছে। তাঁর ভাষায়, “৪৭ থেকে ২৪ পর্যন্ত উপনিবেশিক মানসিকতা বহন করেছে শাসকরা। সেই কারণে প্রকৃত স্বাধীনতা আজও পাওয়া যায়নি। গত ১৫ বছর ভারত আওয়ামী লীগের মাধ্যমে শাসন করেছে, এখন আবার অন্য গোষ্ঠীর মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”

তিনি অভিযোগ করেন, বিএনপি ও আওয়ামী লীগ একই ধারা ধরে রেখেছে। “শেখ হাসিনা যেমন ইসলামপন্থীদের আঘাত করেছে, বিএনপিও এখন একই ভাষায় আঘাত করছে। ৭২-এর সংবিধান বহাল রেখে ২৪-এর চেতনা হত্যা করা হচ্ছে।”

সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। এতে বিভিন্ন ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এবি/সিএস