তারেক রহমান দেশে ফিরলে 'উত্তাল তরঙ্গ' সৃষ্টি হবে: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে যে 'উত্তাল তরঙ্গ' সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আন্তঃবাণী প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে যে 'উত্তাল তরঙ্গ' সৃষ্টি হবে, তাতে সব ষড়যন্ত্র ভেসে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈল উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে জনগণের ওপর দমন–পীড়ন চালিয়ে এসেছে। প্রহসনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। যখন জনগণ জেগে ওঠে, তখন কোনো স্বৈরশক্তিই টিকতে পারে না।আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার একদিন পালিয়ে যাওয়া— সেটিই তার প্রমাণ হবে।"
নির্বাচন ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন বাধাগ্রস্ত না করে যথাসময়ে অনুষ্ঠিত হোক, এটাই চায় বিএনপি। আমরা চাই, নির্বাচনের পর সংসদে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) নিয়ে আলোচনা হোক এবং সিদ্ধান্ত হোক।”
তিনি আরও বলেন, “কিছু দল অবাস্তব দাবি তুলে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু জনগণ এ ধরনের দাবি বোঝে না। মানুষ এক ব্যক্তি, এক ভোট—এই গণতন্ত্রেই বিশ্বাসী।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্রে বিশ্বাস না করলে বিএনপির প্রতিনিধিত্ব করা যাবে না।”
বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়ে ফখরুল বলেন, “বিএনপি একটি পরীক্ষিত দল। সংস্কারের মাধ্যমেই এই দলের জন্ম। আমরা সরকারে গেলে মাত্র ১৫ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করব।”
জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, “পিআর না থাকলে কেউ কেউ স্বাক্ষর না করার কথা বলছেন। তবে বিএনপির প্রস্তাবগুলো যদি সনদে অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা স্বাক্ষর করব। শুরু থেকেই বিএনপি ইতিবাচক অবস্থানে আছে।”
পথসভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল।
এবি/এসবিডাব্লিউ





