"প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক, গণ্ডগোল হলে চলে যেতে পারবেন" — রুমিন ফারহানা
প্রত্যেক উপদেষ্টা তো বিদেশি নাগরিক। দেশে গণ্ডগোল লাগলে তারা চলে যেতে পারবেন। কিন্তু পারবেন না আপনি, পারব না আমি।
আন্তঃবাণী প্রতিবেদকঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সেইফ এক্সিটের কথা কী আর বলব ভাই। প্রত্যেক উপদেষ্টা তো বিদেশি নাগরিক। দেশে গণ্ডগোল লাগলে তারা চলে যেতে পারবেন। কিন্তু পারবেন না আপনি, পারব না আমি।”
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রুমিন ফারহানা বলেন, “আমাদের কোনো দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করব— এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্ম করবেন না, এমন কোনো দুর্নীতিতে জড়াবেন না, এমন কোনো অঙ্গীকার করবেন না— যার কারণে সেইফ এক্সিটের প্রয়োজন হয়। দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন, স্বচ্ছতা ও দেশপ্রেম বজায় রাখুন।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কেউ যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে, কিংবা মনে করে তার পক্ষে জেতা সম্ভব নয় বলে নির্বাচন পেছাবে— তবে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, “অনেকে ভাবছেন আওয়ামী লীগ নেই, তাই নির্বাচন সহজ হবে। না, এতটা সহজ হবে না। এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করতে হবে।”
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে জনসভায় উপস্থিত নেতাকর্মীদের দেখানো হয়।
এবি/এসবিডাব্লিউ





