রোজা ও পূজাকে তুলনা করায় জামায়াত নেতা শিশির মনিরের সমালোচনায় হেফাজতের আমির
“মওদুদী ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না” — মুহিবুল্লাহ বাবুনগরী
আন্তঃবাণী প্রতিবেদকঃ
জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও সাবেক শিবির সেক্রেটারি আইনজীবী শিশির মনির সম্প্রতি একটি পূজামণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ হিসেবে উল্লেখ করে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘শানে রেসালত সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মওদুদী ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না।
মওদুদীবাদীরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। ইসলামের পর্দা প্রথাকেও অস্বীকার করে। জামায়াত নেতা শিশির মনির পূজা ও রোজাকে এক আখ্যায়িত করে ইমানহারা হয়ে গেছেন।” তিনি আরও বলেন, “যারা পূজা আর রোজাকে একই বলে, তারা ইসলামের পথে নেই। এসব কথার কোনো ইসলামি ভিত্তি নেই। নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে—সাহাবায়ে কেরামের দেখানো পথই সত্যের মাপকাঠি।”
সম্মেলনে জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানান হেফাজতের আমির। তিনি বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সেই লক্ষ্যেই ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে।”
হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা’ আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী।
প্রধান আলোচক ছিলেন করাচির জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল ও সাবেক এমপি মুফতি নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস উবাইদুল্লাহ ফারুক, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি কিফায়াতুল্লাহ, মাওলানা শামসুদ্দোহা চৌধুরী, মুফতি হারুন ইজহার**, প্রমুখ।
সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন হেফাজতের হাটহাজারী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা এমরান সিকদার এবং নেতৃবৃন্দ মাওলানা আব্দুল্লাহ, মোরশেদ আলম ও মাওলানা হাসান মুরাদ। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক আলেম, ইসলামি চিন্তাবিদ এবং হেফাজতের নেতাকর্মীরা অংশ নেন।
এবি/এসবিডাব্লিউ





