আজ দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা
চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আন্তঃবাণী প্রতিনিধি: আজ সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ইং, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২১ অক্টোবর নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর পুনঃ এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে।
এবি/সিএস





