সরকার পরিবর্তনের পর অনেকেই দেশ ছাড়বেন: রুমিন ফারহানা

বেশিরভাগ উপদেষ্টাই ডুয়েল সিটিজেনশিপধারী। কেউ কেউ বিদেশে স্থায়ীভাবে বসবাসরত অবস্থায় এসেছেন।

Oct 15, 2025 - 10:43
 0
সরকার পরিবর্তনের পর অনেকেই দেশ ছাড়বেন: রুমিন ফারহানা

আন্তঃবাণী প্রতিবেদক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দেশের প্রভাবশালী অনেক ব্যক্তি আর বাংলাদেশে থাকবেন না। তাদের মধ্যে অনেকে বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী বা ডুয়েল সিটিজেনশিপধারী।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘এই সরকারটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই দেখবেন অনেকেই আর বাংলাদেশে নাই। তারা যেই মুহূর্তে শপথ নিয়েছেন ওই সময় তাদের মাথায় কি ছিল জানি না। আর যাদের ডুয়েল সিটিজেনশিপ নাই, তাদের মেজরিটির ছেলেমেয়েরাই বাইরে সেটেল।’

রুমিন ফারহানা বলেন, “সেফ এক্সিটের” একাধিক অর্থ আছে। ওয়ান-ইলেভেনের সময়ের উদাহরণ টেনে তিনি বলেন, ‘তখন মইনুদ্দিন-ফখরুদ্দিন দুই প্রধান দলের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে নতুন নেতৃত্ব তৈরির চেষ্টা করেছিলেন। কিন্তু সেই প্রকল্প ব্যর্থ হয়। পরে সরকার পরিবর্তন হয়। ৫ই আগস্টের পর নতুন ধরনের সরকার এসেছে, কিন্তু ওই সময়ের অনেকেই আর দেশে ফিরতে পারেননি — সেটাও এক ধরনের সেফ এক্সিট।’

তিনি আরও বলেন, ‘স্পষ্টভাবে বলা দরকার— কোন উপদেষ্টা কী ধরনের অপকর্ম করেছেন এবং কখন করেছেন। বেশিরভাগ উপদেষ্টাই ডুয়েল সিটিজেনশিপধারী। কেউ কেউ বিদেশে স্থায়ীভাবে বসবাসরত অবস্থায় এসেছেন।’

সরকারের প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই বাংলাদেশের পাশাপাশি অন্য দেশের নাগরিক বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন বলেন, ‘প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, সবাই তাদের নিজ নিজ পেশায় ভালো করছেন এবং একসময় আবার সেখানে ফিরে যাবেন। যাদের বিদেশের নাগরিকত্ব আছে তারা স্বাভাবিকভাবেই ফিরে যাবেন। আর যাদের ডুয়েল সিটিজেনশিপ নাই, তাদের অধিকাংশেরই সন্তানরা বিদেশে সেটেল। তাই কোনো বিপদের আভাস পেলেই তারা বিদেশে চলে যাবেন—এতে অবাক হওয়ার কিছু নেই।’

এবি/সিএস