আবারও নতুন জীবনে তনি: তনির স্বামী কে এই সিদ্দিক?

বিয়ের খবর প্রকাশের পরপরই দুজনের একগুচ্ছ রোমান্টিক ছবি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে।

Oct 13, 2025 - 16:40
Oct 13, 2025 - 16:46
 0
আবারও নতুন জীবনে তনি: তনির স্বামী কে এই সিদ্দিক?
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: দেশের বহুল আলোচিত ও সমালোচিত নারী উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও আলোচনায়—কারণ, তিনি ফের বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তনির নতুন বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কৌতূহল—কাকে বিয়ে করলেন তনি?

জানা গেছে, তনির স্বামীর নাম মো. সিদ্দিক, যিনি মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তার দেশের বাড়ি খুলনায় হলেও তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। সিদ্দিক যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (De Montfort University) থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।

বিয়ের খবর প্রকাশের পরপরই দুজনের একগুচ্ছ রোমান্টিক ছবি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তনি নিজেই পোস্টে লেখেন—

“জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”

অন্যদিকে, সিদ্দিকও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তনির সঙ্গে ছবি শেয়ার করে আবেগঘন একটি বার্তা দেন—

“আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

এই পোস্টের পর থেকেই নেটদুনিয়ায় তনিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ তার নতুন জীবনের জন্য শুভকামনা জানালেও, পুরোনো বিতর্কও আবার ঘুরে ফিরে আসছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তাঁদের মধ্যকার বয়সের ব্যবধান ও সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে তনিকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তনি নিজেও একাধিকবার ফেসবুক লাইভে এসে এসব সমালোচনার জবাব দিয়েছিলেন।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শাহাদাতকে ভালোবেসে বিয়ে করেছিলেন তনি। যদিও শুরুতে পরিবার মেনে নেয়নি, পরে সব কিছুই স্বাভাবিক হয়ে আসে।

এখন নতুন স্বামী সিদ্দিকের সঙ্গে তনির জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে—যা নিয়েই আবারও ভেসে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম।

এবি/সিএস