পরকীয়ার অভিযোগ তোলায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু ত্বহা?
একের পর এক পরকীয়ার অভিযোগ ও পাল্টা প্রতিক্রিয়ায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন তোহা নিজেই।
আন্তঃবাণী প্রতিনিধি: আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারাহর দাম্পত্য জীবনে আবারও দেখা দিয়েছে টানাপোড়েন। একের পর এক পরকীয়ার অভিযোগ ও পাল্টা প্রতিক্রিয়ায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন তোহা নিজেই।
শনিবার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও নারীসংশ্লিষ্ট অনৈতিক আচরণের অভিযোগ আনেন সাবিকুন নাহার সারাহ। তার ওই পোস্ট ঘিরে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।
এর আগেও, গত ২ অক্টোবর সারাহ একই ধরনের অভিযোগ তুলে একটি পোস্ট দিয়েছিলেন। তখন আবু ত্বহা আদনান বিষয়টি অস্বীকার করে দাবি করেন, তার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। পরে সারাহ সেই পোস্ট সরিয়ে নেন এবং প্রকাশ্যে ক্ষমাও চান।
তবে সাম্প্রতিক পোস্টে সারাহ অভিযোগ করেছেন, “তোহা এখনো ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান।” তিনি আরও লেখেন, “আমি কোনো মিথ্যা বলিনি। আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায়, কিন্তু এখন তার ভক্তরাই আমাকে অপমান করছে।”
স্ত্রীর এমন অভিযোগের দুদিন পর সোমবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ‘উপসংহার’ শিরোনামে একটি দীর্ঘ পোস্ট দেন আবু ত্বহা আদনান। সেখানে তিনি লেখেন, “ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল। আমি পেয়েছি, মেনেও নিয়েছি। তবে আল্লাহর কসম—আর না।”
তোহা আরও বলেন, “হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই—আরশের মালিকের কসম, আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই।”
তিনি জানান, বিষয়টি এখন দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে শরীয়াসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি ঘিরে চলছে ব্যাপক আলোচনা। কেউ তোহার প্রতি সহানুভূতি জানাচ্ছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন—ইসলামী বক্তাদের ব্যক্তিজীবনে এমন বিতর্ক ধর্মীয় ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলছে?
সব মিলিয়ে, আলোচিত এই দম্পতির দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে।
এবি/সিএস





