বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে গুন্ডাতন্ত্রের উত্থান ঘটবে : চরমোনাই পীর

বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি, টাকা পাচার এবং সহিংসতা বাড়বে

Oct 6, 2025 - 22:54
Oct 6, 2025 - 23:13
 0
বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে গুন্ডাতন্ত্রের উত্থান ঘটবে : চরমোনাই পীর

আন্তঃবাণী প্রতিনিধিঃ

 বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি, টাকা পাচার এবং সহিংসতা বাড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালুসহ বিভিন্ন দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী। চরমোনাই পীর বলেন, “বিএনপি যদি এককভাবে ক্ষমতায় আসে, তবে বাইপাস রুটে আওয়ামী লীগ আবারও ঢুকে পড়বে। ভারতও ঢুকবে। চাঁদাবাজি বাড়বে, মায়ের কোল খালি হবে, দেশের টাকা পাচার হবে।” তিনি আরও বলেন, “৩০-৩৫ শতাংশ ভোট নিয়ে সরকার গঠিত হয়, অথচ ৬০-৬৫ শতাংশ ভোটের কোনো মূল্যায়ন নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হবে এবং গুন্ডামি-চাঁদাবাজি কমবে।”

তিনি অভিযোগ করে বলেন, “নরসিংদীতে এক পুলিশ কর্মকর্তা চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেওয়ায় মার খেয়েছেন, অপমানিত হয়েছেন। এর মধ্যেই যদি নির্বাচন হয়, তাহলে তা হবে গুন্ডাতন্ত্রের উত্থান।”

সৈয়দ রেজাউল করীম বলেন, “৫ আগস্টের পর যখন সন্তানহারা মায়েদের কান্না থামেনি, তখন সরকার সমর্থিত চাঁদাবাজ চক্র স্টেশন-ঘাট দখল শুরু করে। এই পরিস্থিতি থেকে উত্তরণে পিআর পদ্ধতির নির্বাচনই একমাত্র সমাধান।” তিনি আরও বলেন, “৯১টি দেশে পিআর পদ্ধতির নির্বাচন হয়। যারা বলে পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, তাদের রাজনীতি করারই অধিকার নেই।

মানুষ এখন ইসলামের পক্ষে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম চায়। আমরা সেই লক্ষ্যে ইসলামি ও সমমনা দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করছি।” সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মুহাম্মদ আবদুল মুছাব্বির, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর উদ্দিনসহ জামায়াতে ইসলামি ও খেলাফত মজলিসের জেলা নেতারা।

সমাবেশ পরিচালনা করেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। 

এবি/এসবিডাব্লিউ