'শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষ-সোনালী আঁশ ও তারা প্রতীক'

আমরা শাপলা চাইব, শাপলাই নেব। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। ইসিও আমাদের শাপলা দিতে বাধ্য।

Oct 9, 2025 - 21:17
Oct 9, 2025 - 21:18
 0
'শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষ-সোনালী আঁশ ও তারা প্রতীক'
সংগৃহীত

আন্তঃবাণী ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সামনে দুটি পথ খোলা আছে—একটি হলো এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া, অন্যটি হলো সংরক্ষিত তালিকা থেকে ধানের শীষ, সোনালী আঁশ ও তারা প্রতীক বাতিল করা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি।

নাসীরুদ্দীন বলেন, শাপলা প্রতীক নিয়ে ইসির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আইনগত কিংবা রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতা নেই। “আমরা শাপলা চাইব, শাপলাই নেব। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। ইসিও আমাদের শাপলা দিতে বাধ্য।”

তিনি অভিযোগ করে বলেন, ইসি কর্মকর্তারা শাপলা না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারেননি। এমনকি তারা বৈঠকে দীর্ঘ সময় নিশ্চুপ থেকেছেন। “এমন নিশ্চুপ অবস্থাকেই আমরা সম্মতি হিসেবে নিয়েছি—যেমনটা বিয়ের ক্ষেত্রে সম্মতি প্রকাশের রীতি থাকে।”

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ইসি ১১৫টি প্রতীক সংরক্ষণ করেছে। এর মধ্যে বিএনপির জন্য ধানের শীষ, জেএসডির জন্য তারা এবং তৃণমূল বিএনপির জন্য সোনালী আঁশ প্রতীক বরাদ্দ রয়েছে। তবে এনসিপির দাবি—শাপলাও জাতীয় প্রতীক, তাই তাদের এ প্রতীক পেতে কোনো বাধা নেই।

এবি/সিএস