তোমাদের মার্কায় বাধা দিইনি, অযথা ধানের শীষ নিয়ে টানাটানি কেন: মির্জা ফখরুল

কয়েক দিন লাফালাফি করলে গণতন্ত্র আসে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার পরিশ্রম, ত্যাগ এবং জনগণের কাছে যাওয়া।

Oct 10, 2025 - 16:34
 0
তোমাদের মার্কায় বাধা দিইনি, অযথা ধানের শীষ নিয়ে টানাটানি কেন: মির্জা ফখরুল
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে অযথা টানাটানির অভিযোগ তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ নাজির উদ্দিন জেহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি বলেন, “ভাই, আমরা তো তোমাদের মার্কায় বাধা দিইনি। কোন মার্কা তোমাদের দেবে, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তাহলে অযথা ধানের শীষ নিয়ে টানাটানি কেন?”

তিনি অভিযোগ করেন, ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু সারাদেশে এখন ধানের শীষের স্লোগান উঠেছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা পালাতে বাধ্য হবে।”

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “সংস্কার করলেই হবে না, কৌশল আবিষ্কার করলেই হবে না— নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্রে ফেরা সম্ভব নয়।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “মনস্টার শেখ হাসিনা এমনি এমনি দিল্লি পালায়নি। লড়াই-সংগ্রাম আর রক্তের বিনিময়ে আমরা সেই ভিত্তি তৈরি করেছি। বাধ্য হয়েই তিনি চলে গেছেন।”

ফখরুল আরও বলেন, কয়েক দিন লাফালাফি করলে গণতন্ত্র আসে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার পরিশ্রম, ত্যাগ এবং জনগণের কাছে যাওয়া। আর বিএনপি সেই দল যারা জনগণের কাছেই ফিরে যায়।

আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, “নির্বাচনের সময় প্রশাসন ও নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। কোনো দলের কাছে যেন মাথা নত না করে।”

স্মরণসভায় সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান শহীদ জেহাদের স্মৃতিচারণা করে বলেন, “অপরাজেয় বাংলার সামনে আমরা শপথ নিয়েছিলাম স্বৈরাচার পতনের। শেষ পর্যন্ত সেই শপথ সফল হয়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নেতা আসাদুজ্জামান রিপনসহ অন্যরা

এবি/সিএস