“জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না” — এনসিপিকে হুঁশিয়ারি
সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
আন্তঃবাণী প্রতিবেদক: সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে বলেন, “তোমরা নতুন ছাত্রদের দল। জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”
সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় তালা উপজেলার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, “নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চায় আমরা তাদের সমালোচনা করি, অথচ কেউ তো তাদের নামই নিচ্ছে না।”
তিনি আরও বলেন, “একটা ধারণা আছে— হিন্দু মানেই আওয়ামী লীগ ও নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখিয়ে দেবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের সব শাসন থেকে নিরাপদ থাকবেন, ইনশাআল্লাহ।”
সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন।
এবি/সিএস





