চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন নুরুল হক নুর

ডাকসুর সাবেক ভিপি নুরকে বিমানবন্দরে স্বাগত জানায় গণঅধিকার পরিষদ

Oct 4, 2025 - 20:13
Oct 4, 2025 - 20:32
 0
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন নুরুল হক নুর

আন্তঃবাণী প্রতিবেদকঃ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে জানান, “নুরুল হক নুর শারীরিক জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি আজ দেশে ফিরেছেন।” বিমানবন্দরে নুরকে স্বাগত জানান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। এতে তার মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। সেখানে ১৮ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন।

তবে পরবর্তীতে শারীরিক জটিলতা বাড়লে মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন।

এবি/এসবিডাব্লিউ