নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের উত্থান ঘটবে: সালাহউদ্দিন আহমদ
‘সংবিধান ছেলে খেলা নয়, ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে পরীক্ষা করা যাবে না’
আন্তঃবাণী প্রতিবেদকঃ
নির্বাচন বিলম্বিত হলে দেশে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “নির্বাচন যদি বিলম্বিত হয় বা বানচাল করা হয়, তাহলে পতিত ফ্যাসিবাদ এবং অগণতান্ত্রিক শক্তি সুযোগ পাবে, যা কোনোভাবেই কাম্য নয়।”
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমানে আলোচিত আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, “পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। এই ব্যবস্থায় কোনো স্থিতিশীল সরকার থাকে না। কয়েক মাস পরপর প্রধানমন্ত্রী বদলায়। এতে অঙ্গীকার বাস্তবায়ন হয় না, উন্নয়নও ব্যাহত হয়।” তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের কর্মকাণ্ডেই দেশে পিআরের বাতাস বইছে। যারা পিআর নিয়ে সরব, তাদের অনেকেই আবার আওয়ামী লীগের সহায়তায় ‘আমি-ডামি’ নির্বাচনে অংশ নিয়েছিল।”
সর্বশেষ জরিপ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “যেখানে ৫৬ শতাংশ মানুষই পিআর কী বোঝে না, সেখানে ৭০ শতাংশ মানুষ এটি সমর্থন করে—এমন দাবি বিভ্রান্তিকর। এটা জনগণের মত নয়, এটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচার।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচন বিলম্বিত বা বানচালের চেষ্টা মানে হলো অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ করে দেওয়া।”
সংবিধান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান কোনো ছেলে খেলা নয়। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যাবে না। ১৯৭২ সালের সংবিধান এক বছরের মাথায়ই সংশোধনের মুখোমুখি হয়েছিল। তাই নতুন সংবিধান করলেই তা স্থায়ী হবে—এমন ভাবনা ভ্রান্ত।”
গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “তর্ক-বিতর্ক থাকবে, মতভেদ থাকবে। কিন্তু জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়তে হবে—যাতে জনগণ ও দেশ বিজয়ী হয়।”
আলোচনায় তিনি গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং জাতিসংঘকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ্ আল হারুন (সোহেল)। বক্তব্য রাখেন সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির অন্যান্য সিনিয়র নেতা, ও বিভিন্ন দলের প্রতিনিধিরা।
এবি/এসবিডাব্লিউ





