আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন ৩ নতুন মুখ
আগামী ১০ ও ১৩ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
স্পোর্টস ডেস্ক: আবারও চমক নিয়ে হাজির হলেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ যুক্তরাষ্ট্রে আসন্ন দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৩ অক্টোবর) রাতে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। আগামী ১০ ও ১৩ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—মিডফিল্ডার অ্যানিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। দীর্ঘদিন পর ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি, যিনি ২০২২ সালের জুনে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে নামেন।
দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষে ফিরেছেন চেলসির তারকা এনজো ফার্নান্দেস। তবে প্রথম ম্যাচে লিওনেল মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল খেলবেন কি না তা অনিশ্চিত। এমএলএসের ক্লাব দায়িত্বের কারণে তাদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে।
স্কালোনির দল ঘোষণা দক্ষিণ আমেরিকার ফুটবল মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষে থেকে শেষ করা আর্জেন্টিনা এবার প্রীতি ম্যাচগুলোতে নতুনদের যাচাই-বাছাই করতে চাইছে বলেই ইঙ্গিত পাওয়া গেছে।
২৮ সদস্যের স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।
ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যানিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ।
এবি/সিএস





