আজও দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Oct 4, 2025 - 08:29
Oct 4, 2025 - 08:30
 0
আজও দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: আজ শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ইং, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ফেনী ও কুতুবদিয়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়ছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে।

চচট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা)

সূর্যোদয়: ভোর ৫টা ৫১ মিনিট

সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ৪৩ মিনিট

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এবি/সিএস