পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল, ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

পাকিস্তানের সেনাবাহিনীর ২৫টি সীমান্তপোস্ট দখল ও অন্তত ৫৮ জন সেনা হত্যার দাবি করেছে আফগানিস্তান।

Oct 12, 2025 - 17:50
 0
পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল, ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার রাতের রক্তক্ষয়ী সংঘর্ষে পাকিস্তানের সেনাবাহিনীর ২৫টি সীমান্তপোস্ট দখল ও অন্তত ৫৮ জন সেনা হত্যার দাবি করেছে আফগানিস্তান। কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার সকালে এক লিখিত বিবৃতিতে এ দাবি জানান।

মুজাহিদ বলেন, “শনিবার রাতের সংঘাতে আফগান সেনারা পাকিস্তানের আগ্রাসনের জবাব দিয়েছে। আমাদের সীমান্তবর্তী অঞ্চলের ২৫টি পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে।” তিনি আরও হুঁশিয়ারি দেন, পাকিস্তান যদি পুনরায় আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করে, তবে তার ফল আরও ভয়াবহ হবে।

সংঘাতের সূত্রপাত হয় পাকিস্তানের বিমান হামলা থেকে। গত বৃহস্পতিবার মধ্যরাতে কাবুলে হামলা চালায় পাকিস্তান, যার লক্ষ্য ছিল নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)–এর ঘাঁটি। গুঞ্জন আছে, এ হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ ও তার সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদ নিহত হয়েছেন। আফগান সরকার অবশ্য তখনই জানিয়েছিল, “এ হামলা আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।”

এই হামলার প্রতিক্রিয়াতেই শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্তবর্তী আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচাসহ একাধিক অঞ্চলে পাল্টা আঘাত হানে।

তবে পাকিস্তানও নীরব থাকেনি। রোববার সকালে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী দাবি করেছে, আফগান বাহিনীর হামলার পর পাল্টা অভিযানে তারা আফগানিস্তানের ১৯টি সীমান্তপোস্ট দখল করেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, সংঘাতে বহু আফগান সেনা নিহত হয়েছে এবং জীবিতরা মৃত সহযোদ্ধাদের ফেলে পালিয়ে গেছে।

এমন পাল্টা-পাল্টি বিবৃতিতে দুই দেশের সীমান্ত এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে পুরো অঞ্চল নতুন এক সামরিক সংকটের মুখে পড়তে পারে।

সূত্র: এএফপি

এবি/সিএস