নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী ট্রাম্প: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব নতুন এক কূটনৈতিক ভারসাম্যের দিকে এগিয়ে যাচ্ছে।

Oct 14, 2025 - 11:17
 0
নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী ট্রাম্প: পাকিস্তানের প্রধানমন্ত্রী
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। খবর সিএনএন।

পাক প্রধানমন্ত্রী বলেন, “ট্রাম্প লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন। বিশ্বের নানা সংঘাত বন্ধে তিনি অবিশ্বাস্য ভূমিকা রেখেছেন। ভারত-পাকিস্তান সংঘাতের উত্তেজনা প্রশমনে এবং গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে তার অবদান অনস্বীকার্য।”

তিনি আরও বলেন, ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব নতুন এক কূটনৈতিক ভারসাম্যের দিকে এগিয়ে যাচ্ছে, যা যুদ্ধের পরিবর্তে সংলাপ ও সমঝোতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পাকিস্তান সরকার ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করে। মার্কিন প্রেসিডেন্ট নিজেও এ পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিয়া মাচাদো।

প্রসঙ্গত, সম্প্রতি মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ নেতারা স্বাক্ষর করেন। ওই চুক্তিই আন্তর্জাতিক পরিমণ্ডলে ট্রাম্পের শান্তির দূত হিসেবে ভূমিকা আরও জোরালো করে তুলেছে।

এবি/সিএস