নাফিসা ইসলামকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় নাহিদ গ্রেপ্তার
ডিবির পক্ষ থেকে এ ঘটনায় বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।
আন্তঃবাণী প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠন স্টুডেন্টস এগেইনস্ট টর্চার-এর সহ-প্রতিষ্ঠাতা নাফিসা ইসলাম সাকাফিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নুরুল ইসলাম নাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২০ অক্টোবর) ডিবি কর্তৃপক্ষ নাফিসাকে ফোনে নাহিদের গ্রেপ্তারের বিষয়টি জানায়। পরে রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই তথ্য প্রকাশ করেন।
নাফিসা তার পোস্টে লিখেছেন, ‘নুরুল ইসলাম নাহিদ’ নামের একটি আইডি জানুয়ারি থেকে আমাকে ভয়ংকর ট্রমার মধ্যে ফেলেছে। সে ইনবক্সে অশালীন বার্তা, বিকৃত ছবি ও ভিডিও পাঠিয়েছে, যা প্রকাশ করার মতো না।’
তিনি জানান, জানুয়ারিতে শাহবাগ থানায় কয়েকটি বট আইডির বিরুদ্ধে অনলাইন হ্যারাসমেন্টের অভিযোগে প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরে মামলা করেন। অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তারের খবর পেয়ে তিনি কিছুটা স্বস্তি পেলেও আবার মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন।
নাফিসা লেখেন, ‘চ্যানেল আইয়ের টক শোতে নিকাব পরে অংশ নিতে না পারার ঘটনার পর থেকেই অনলাইন হ্যারাসমেন্ট শুরু হয়। এরপর থেকেই আমি পাবলিক গ্যাদারিং বা প্রোগ্রাম এড়িয়ে চলছি। এতদিন ধরে এই নির্যাতন আমাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে।’
তিনি আরও জানান, বর্তমানে তার বিশ্ববিদ্যালয়ের ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। ‘যতবার পড়তে বসি, শুধু কান্না আসে,’—বলেন নাফিসা।
ডিবির পক্ষ থেকে এ ঘটনায় বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।
এবি/সিএস





