ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৪১৩, মৃত্যু নেই

একই সময়ে ৪১০ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Oct 11, 2025 - 18:18
 0
ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৪১৩, মৃত্যু নেই
সংগৃহীত

আন্তঃবাণী ডেস্ক: সারা দেশে ডেঙ্গুর প্রভাব কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন রোগী। তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৭৫ জন, দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৭৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে ৪১০ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৫০ হাজার ৯২৯ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৬০৬ জনে। এর মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ২২৪ জনের মৃত্যু হয়েছে। গত বছর (২০২৪) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ এক হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ছিল রেকর্ড ১ হাজার ৭০৫ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির পর জমে থাকা পানি ও অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনাই ডেঙ্গু বিস্তারের প্রধান কারণ। তারা সতর্ক করেছেন, আগামী কয়েক সপ্তাহে মশার প্রজনন বাড়লে পরিস্থিতি আবারও জটিল হতে পারে।

এবি/সিএস