দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৫৩

এ সময়ে আরও ৫ জন মারা যাওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯ জনে।

Oct 12, 2025 - 18:15
 0
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৫৩
সংগৃহীত

আন্তঃবাণী ডেস্ক: দেশে এডিস মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৬৯ জন এবং ঢাকার বাইরে ৬৮৪ জন। এ সময়ে আরও ৫ জন মারা যাওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিকভাবে আক্রান্তের সংখ্যা হলো—ঢাকা বিভাগে ১৯৭ জন, বরিশালে ১৪১, চট্টগ্রামে ১০৭, খুলনায় ৯৩, রাজশাহীতে ৬৯, ময়মনসিংহে ৪৬, রংপুরে ২৩ এবং সিলেট বিভাগে ৮ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, দেশে এক বছরে সর্বাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে—সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এরপর ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এবি/সিএস