আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা
দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আন্তঃবাণী প্রতিনিধি: আজ বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ইং, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, দিনের শুরুতেই জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া।
আজ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় এমন আবহাওয়া বিরাজ করতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এবি/সিএস





