২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭০০
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।
আন্তঃবাণী প্রতিনিধি: দেশে কমছে না ডেঙ্গুর ভয়াবহতা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। একই সময়ে নতুন করে ৭০০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতালে ভর্তি হওয়া ৭০০ জনের মধ্যে বরিশালে ১০৫ জন, চট্টগ্রামে ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১১০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৬ জন ও সিলেটে ৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫২ হাজার ১০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এবি/সিএস





