আজ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, চলতি বছরে মোট প্রাণহানি ২০০
নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন রোগী।
আন্তঃবাণী প্রতিবেদক: দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে করে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২০০ জনে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন রোগী।
বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ বছর ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২০০ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় (৯৫ জন)। এছাড়া বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।
এবি/সিএস





