দেশে ডেঙ্গুর প্রকোপে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৪১ জন

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ২৩৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ২৫৭ জন।

Oct 14, 2025 - 19:31
 0
দেশে ডেঙ্গুর প্রকোপে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৪১ জন
ফাইল ফটো

আন্তঃবাণী প্রতিনিধি: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ যেন কিছুতেই থামছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪১ জন ডেঙ্গুরোগী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ২৩৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ২৫৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৩৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগের জেলা অঞ্চলে ২১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১২৮ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৪৭ জন ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

নতুন করে মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন মানুষ, আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এদিকে, চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়েও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিধনে অনিয়মিত কার্যক্রমের কারণে এডিস মশা দমন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এবি/সিএস